কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামের বাসিন্দা ও কাঠমিস্ত্রি জসিম উদ্দীনকে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ইসলাহুল উম্মাহ একাডেমির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। শনিবার একাডেমি ক্যাম্পাসের লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত খুদে পাঠক সম্মেলনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দারিদ্র্যের কারণে দ্বিতীয় শ্রেণির পর পড়াশোনা থেমে গেলেও জসিম উদ্দীন নিজের বাড়িতে ‘খোকসা কমিউনিটি লাইব্রেরি’ গড়ে তুলেছেন, যেখানে দুই হাজারের বেশি বই রয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান এবং সভাপতিত্ব করেন একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরী। একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, জসিম উদ্দীন কেবল একজন কাঠমিস্ত্রি নন, তিনি স্বপ্ন নির্মাণের কারিগর এবং জ্ঞানচর্চার নীরব সাধক। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত করাও একটি শিক্ষা বলে তিনি মন্তব্য করেন। সম্মেলনে ১০ জন খুদে পাঠককে সেরা পাঠক হিসেবে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ৭:৪৯:৫৬ ১০ বার পঠিত #ইসলাহুল উম্মাহ একাডেমি #কুষ্টিয়া #জসিম উদ্দীন #পাঠাগার #পাবনা #শিক্ষা